শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে অরক্ষিত রেল ক্রসিংয়ে মৃত্যুর মিছিল

টাঙ্গাইলে অরক্ষিত রেল ক্রসিংয়ে মৃত্যুর মিছিল

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু সেতু থেকে ঢাকা পর্যন্ত রেললাইনের অর্ধশতাধিক স্থান রয়েছে অরক্ষিত। টাঙ্গাইলে গত জানুয়ারিতেই প্রাণ গেছে ৬ জনের। বারবার দুর্ঘটনার পরও নির্বিকার কর্তৃপক্ষ। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের।

সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু এলাকার অরক্ষিত রেললাইন দিয়ে একদিকে পারাপার হচ্ছে মানুষ ও যানবাহন। অন্যদিকে, লাইনের ওপরে বসে সময় কাটাচ্ছে নারী-পুরুষ-শিশুরা। কেউ জানে না, কখন আসবে ট্রেন। সিগন্যাল না থাকায় হঠাৎ করেই ছুটে আসছে ট্রেন। তাই এসব জায়গায় অহরহ ঘটছে দুর্ঘটনা।

বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের পর ২০০৩ সালে সেতুর পূর্ব থেকে জয়দেবপুর পর্যন্ত ৯৮ কিলোমিটার এলাকায় রেললাইন স্থাপন করা হয়। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৫৩ কিলোমিটার এলাকার ২২টি স্থান এখনও অরক্ষিত।

স্থানীয়দের অভিযোগ, এসব অরক্ষিত রেললাইন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। তাই দ্রুত এসব স্থানে সিগন্যাল ও গেটম্যানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি তাদের।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ উপপরিদর্শক ফজলুল হক বলেন, ‘অরক্ষিত রেল ক্রসিং ও সাধারণ মানুষের অসাবধানতায়ে এ দুর্ঘটনা ঘটছে। জনগণকে আরও সতর্কভাবে চলাচল করতে হবে।’

এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দার বলেন, ‘এরইমধ্যে টাঙ্গাইল অরক্ষিত রেল লাইনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে। দ্রুতই ব্যবস্থা নিয়ে এ সমস্যা সমাধান করা হবে।’

রেল পুলিশের তথ্যমতে, জেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মির্জাপুর পর্যন্ত টাঙ্গাইল অংশে চলতি বছর অরক্ষিত রেললাইনে ৬ জনের মৃত্যু হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular