নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে একটি দুর্গামন্দিরে চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ায় রাধা-গোবিন্দ মন্দিরসংলগ্ন আর্য সমিতির দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্গাপূজা উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর থেকে মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। প্রায় এক সপ্তাহ আগে প্রতিমাগুলোতে মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষ করে মণ্ডপটি ঢেকে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার সকালে মণ্ডপ পরিষ্কার করতে গিয়ে স্থানীয়রা দেখতে পান, দুর্গা প্রতিমার মাথা, গণেশ ও অসুরসহ মোট চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।
ঘটনার খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজসহ মির্জাপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
