ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল করতে না পারায় আসফিয়া মুন্না নীপা (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ সোমবার দুপুরে ঘাটাইল পৌরসভা এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিপা উপজেলার আথাইল শিমুল গ্রামের আরশেদ আলী ও শামসুন্নাহার দম্পত্তির সন্তান। সে উপজেলার আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয়রা জানায়, নিপার মা বাবা দুজনেই চাকুরীজীবী। বাবা ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে আর মা মধুপুর হাসপাতালে চাকুরী করেন। এই দম্পতি তিন মেয়ে নিয়ে ঘাটাইল সদর হাসপাতালের পেছনে একটি ভাড়া বাসায় থাকত। দুপুরে বাসায় ছয় বছরের ছোট বোন ছাড়া আর কেউ ছিল না। এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা পর নিপা জানতে পারে সে জিপিএ ৩.৩৯ পেয়েছে।
ফলাফলে সে প্রত্যাশিত জিপিএ-৫ না পাওয়ায় লজ্জায় ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ের সাথে কাপড় পেচিয়ে গলায় ফাঁস দেয়। এ সময় নিপার ছোট দেখে চিৎকার দিলে স্থানীয়রা এসে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিন বোনের মধ্যে নীপা ছিল মেধাবী। বড় বোন টাঙ্গাইল পলিটেকনিক্যালের ছাত্রী আর ছোট বোন এখনো স্কুলে ভর্তি হয়নি।
আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর চৌধুরী বলেন, নীপা অনেক মেধাবী ছাত্রী ছিল। এ প্লাস পাওয়ার মতো মেধা তার ছিল। সে অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছিল। তার আতœহত্যা করার বিষয়টি মেনে নিতে পারছি না।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুল আলম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
