নিজস্ব প্রতিনিধি: ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ টাঙ্গাইল অতিক্রমকালে নগর জালফৈ বাইপাস এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি।’ তিনি বলেন, এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের বাস্তবায়ন, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তাদের এই লং মার্চ।
জামায়াত আমির বলেন, তাদের দাবি বর্তমানে ৮ দফায় রয়েছে। জনগণের প্রয়োজনে এসব দফা আরও বাড়তে পারে। আবার প্রয়োজন হলে ৮ দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণারও প্রয়োজন হতে পারে। তিনি বলেন, আজকের লং মার্চ রংপুরের দিকে, আর ভবিষ্যতে টাঙ্গাইল থেকে ঢাকামুখী লং মার্চ হতে পারে। এ জন্য জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
পথসভায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এর আগে শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ শুরু হয়। টাঙ্গাইলের পথসভা শেষে লং মার্চের বহর সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধার বিভিন্ন পথসভা হয়ে রংপুরের জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।
