বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে পুলিশের সামনে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক বিজয়

টাঙ্গাইলে পুলিশের সামনে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক বিজয়

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ‘বাংলা ট্রিবিউন’ এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বিবদমান জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের উত্তপ্ত পরিস্থিতির সংবাদ সংগ্রহের হামলার শিকার হোন তিনি।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন-‘টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ গণমাধ্যমকর্মীরা।’
স্থানীয়রা জানান- ‘দীর্ঘদিন যাবত কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি হিন্দু পরিবারের বিরোধ চলে আসছে। আজ সকালে হিন্দু পরিবারটি সেখানে ঘর তোলার চেষ্টা করে। এতে স্থানীয়রা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতির সৃষ্টি হয়।
সাংবাদিক বিজয় সেখানে ছবি তুলতে গেলে পরিষদের পক্ষের লোকজন তাকে এলোপাতাড়িভাবে মারধর করে। মাথায় হেলমেট থাকায় অল্পের জন্য রক্ষা পান তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যানের কক্ষে রাখা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় কাউলজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ওই সময়ে কিছু লোক তার গায়ে হাত তুলেছে। এজন্য আমি ভীষণ দুঃখিত।
আহত সাংবাদিক বিজয় বলেন- ‘সেখানে পুলিশ থাকলেও তারা আমাকে রক্ষা করেনি। পুলিশের উপস্থিতিতেই তারা আমাকে বেদম মেরেছে। হেলমেট পরা থাকায় আমি কোনোমতে প্রাণে রক্ষা পাই। সারা শরীরে ব্যথায় নড়তে পারছি না।’
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা বাসাইল থানার এসআই বিল্লাল বলেন -‘সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। আমরা তিনজন বাইরে ছিলাম। এরমধ্যে এই ঘটনা ঘটে। পরে আমরা জনগণকে ঠেলে ভেতরে গিয়ে তাকে উদ্ধার করি। ওসি, এসিল্যান্ডসহ প্রশাসনের লোকজন আসছেন। তারা আসার পর ব্যবস্থা নেওয়া হবে।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular