নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীর বল্লা পোষ্ট অফিসের পোষ্টমাষ্টার মজিবর রহমান (৫০) কে গুলি করে ৫০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দূবৃর্ত্তরা।
রবিবার (১৭ মে) দুপুরে কালিহাতী-বল্লা সড়কের বল্লা তাঁত বোর্ডে সংলগ্ন স্থানে এঘটনা ঘটে। গুলিবৃদ্ধ মজিবর রহমানকে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দুপুর দেড়টার দিকে বল্লা পোষ্টমাষ্টার মজিবর রহমান কালিহাতী পোষ্ট অফিস থেকে গ্রাহকদের সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা রানার রফিকুল ইসলামকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে বল্লা সাবপোষ্ট অফিসের যাওয়ার সময় ওই স্থানে পৌঁছালে পিছন থেকে একটি মোটর সাইকেলে ৩ জন আরোহী তাদের গতিরোধ করে।
এসময় মজিবর রহমানের ডান রানে পরপর ২ টি গুলি করে টাকারব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে মজিবর রহমান কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে এসে গুলির খোসা উদ্ধার করে।
কালিহাতী সদর পোষ্ট মাস্টার আব্দুল মোমিন জানান, রবিবার দুপুরে বল্লা পোষ্টমাষ্টার মজিবর রহমান কালিহাতী পোষ্ট অফিস থেকে গ্রাহকদের সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা রানার রফিকুল ইসলামকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে বল্লা সাবপোষ্ট অফিসের যাওয়ার সময় এ ঘটনার খবর পাই।
কালিহাতী থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সকল রোড ট্র্যাকিং করা হয়েছে। ছিনতাইকারীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
