নিজস্ব প্রতিবেদক | ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূর্ঘটনার কবলে পড়া একটি ট্রাক সরাতে দেরি হওয়ায় মহাসড়কের রাবনা বাইসপাস, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। এছাড়া কাঁচামালসহ পণ্য পরিবহনগুলো বিপাকে পড়েন পরিবহন শ্রমিকরা।
দূর্ঘটনার কারণে শুক্রবার (৪ মে) ভোর সকাল থেকেই এই যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে সড়কের আনালিয়া বাড়ি এলাকায় ঢাকাগামী একটি ট্রাক উল্টে গেলে এ যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
বগুড়াগামী বাস চালক হাসান মাহমুদ বলেন, ‘ভোর ৫টায় আমি রাবনা বাইপাসে যানজটে পড়েছি। এক কিলোমিটার আসতে আমার প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।’ করিম খান নামে এক যাত্রী বলেন, ‘গরমে আর যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছি। গাড়ি চলাচল কখন স্বাভাবিক হবে সেটাও জানি না।’
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় বৃহস্পতিবার রাত ২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে যায়। এতে যানচলাচল বন্ধ হলে অতিরিক্ত গাড়ির চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া কয়েক দফা বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ রাখা হয় বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সেই ট্রাক সরাতে দীর্ঘ সময় লাগায় যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা কবলিত পরিবহনটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। সকালে গাড়ির দীর্ঘ সারি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানচলাচল স্বাভাবিক হয়ে যায়।
