টানা তিন বছর বিদেশে অনুষ্ঠিত হওয়ার পর এবার আইপিএলের নিলাম ফিরছে ভারতে। ২০২৭ আইপিএলের মিনি-নিলাম ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে নিলামের নির্দিষ্ট ভেন্যু ও তারিখ এখনো চূড়ান্ত হয়নি। মঙ্গলবার অনুষ্ঠিত আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৩ সালে কোচিতে সর্বশেষ ভারতের মাটিতে আইপিএলের নিলাম হয়েছিল। এরপর টানা তিনটি নিলাম হয়েছে দেশের বাইরে—দুবাই, জেদ্দা ও আবুধাবিতে। এবার ২০২৭ আসরের মিনি-নিলাম আবারও ভারতে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
ফ্র্যাঞ্চাইজিগুলোর মতামতও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। বিদেশে মিনি-নিলাম আয়োজন করলে বড় প্রতিনিধিদল নিয়ে যাতায়াত, থাকা ও অন্যান্য ব্যবস্থাপনায় বাড়তি জটিলতা তৈরি হয় বলে দলগুলো আপত্তি জানিয়েছিল। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই ভারতের কোনো শহরে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কোথায় হবে নিলাম, সেটি এখনও চূড়ান্ত হয়নি। ভেন্যু বাছাইয়ের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলোর থাকার ব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মৌসুম থাকায় ওই সময়ে পাঁচ তারকা হোটেলে পর্যাপ্ত কক্ষ পাওয়া নিয়েও ভাবতে হচ্ছে বিসিসিআইকে।
নিলামটি মিনি-নিলাম হওয়ার কথা। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, এটি সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হতে পারে। তবে সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। ২০২৮ সালের মেগা নিলাম আবারও ভারতের বাইরে আয়োজন করা হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে ক্রিকবাজ।
এদিকে, আইপিএলের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়েও মঙ্গলবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আগামী মাসে গভর্নিং কাউন্সিলের আরেকটি বৈঠক হবে। এরপর নিয়মটি রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
