নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য চুয়াডাঙ্গার দামুড়হুদায় বসেছে বক্স সেফ হাট। এই বক্স সেফ হাট পণ্য বিক্রেতাদের জন্য তৈরি করা হয়। হাটে বসার জন্য ১০ ফুট আকারে একটি করে বক্স সেফ করা হয়। প্রতিটি বক্সের ভেতরে একটি করে দোকান বসানো হবে। বিক্রেতারা এই বক্সের মধ্যে তাদের পণ্যসামগ্রী রেখে বেচা-বিক্রি করবেন। বুধবার দুপুর থেকে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে হাটের কার্যক্রম শুরু হয়েছে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলা স্বেচ্ছাসেবক সদস্যরা এই বক্স সেফ হাটটি তৈরি করেন।
বুধবার দুপুর থেকে স্টেডিয়াম মাঠের বক্স হাট বসেছে কাঁচা সবজি, মসলা, খাবারের দোকানসহ অন্যান্য দোকান। হাটের নির্দিষ্ট স্থানে বিক্রি করা হচ্ছে মাছ ও মাংস। সপ্তাহে রবি ও বুধবার হাটের কার্যক্রম শুরু হয় দুপুর থেকে রাত পর্যন্ত। উপজেলার বিভিন্ন স্থান থেকে বিক্রেতরা হাটে আসেন। আর ক্রেতাসাধারণ বাজার করার জন্য নিয়মিত হাটে আসেন। কিন্তু বুধবার হাটে সাধারণ মানুষের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি।
মানুষ নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে হাটে কম আসছেন বলে ব্যবসায়ীরা জানান। বক্স হাট তৈরি কার্যক্রম তদারকি করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন, দামুড়হুদা উপজেলা পাট কর্মকর্তা রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরিফুল আলম মিল্টন, দামুড়হুদা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার গোলাম মোস্তফাসহ দামুড়হুদা উপজেলা করোনাভাইরাস মোকাবেলায় নিয়োজিত স্বোচ্ছাসেবকরা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।