নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবজাউল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মাসুদ রানা। আজ শনিবার (৪ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মাসুদ রানা বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পাসপোর্ট অফিসে হয়রানির ভাইরাল হওয়া একটি ভিডিও দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার জন্ম দিয়েছে। তিনি স্পষ্ট দাবি করেন, সহকারী পরিচালক আবজাউল আলমের সঙ্গে তার কোনো ব্যক্তিগত, পারিবারিক বা পূর্বপরিচিত সম্পর্ক কিংবা বিরোধ ছিল না। ঘটনার দিনই পাসপোর্ট অফিসে তাদের প্রথম দেখা ও পরিচয় হয়।
মাসুদ রানা আরও বলেন, প্রয়োজনীয় সব কাগজপত্র ও দাপ্তরিক নথিপত্র সম্পূর্ণ সঠিক থাকা সত্ত্বেও তার ছোট ভাই জুনায়েদের পাসপোর্টের আবেদনটি এক অদ্ভুত অজুহাতে গ্রহণ করা হয়নি। পরে তিনি জুনায়েদকে সঙ্গে নিয়ে আবেদনটি গ্রহণ করার অনুরোধ জানাতে সহকারী পরিচালকের কক্ষে প্রবেশ করেন। সেখানে কথোপকথনের একপর্যায়ে কর্মকর্তা যখন নিজের ভুল যুক্তিকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছিলেন, তখন সত্য তুলে ধরতে তিনি ভিডিওটি ধারণ করেন।
সংবাদ সম্মেলন থেকে মাসুদ রানা পাসপোর্ট অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি এই হয়রানির ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে পাসপোর্ট অফিসে সম্পূর্ণ দালালমুক্ত ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সত্য সংবাদ প্রকাশের জন্য তিনি গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান।
এই বিষয়ে সখীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের অভিযোগ ও বক্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তব্য জানতে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবজাউল আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
