- নিজস্ব প্রতিবেদক: সবজি বাগানে ছাগল যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রায় দেড় শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছেন ছাগল মালিক শাহিদা বেগম। শুধু তাই নয়, পেঁপে বাগানের সহযোগী ফসল ৬০-৭০ কলা গাছ উঠিয়ে ফেলছেন ওই নারী। এতে করে প্রায় লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন কৃষি উদ্যোক্তা সাগর আকন্দ (২৭) নামে এক যুবক।
শনিবার সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পৌর শহরের পশ্চিম ভূঞাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সাগর লাল মিয়া আকন্দের ছেলে এবং অভিযুক্ত প্রতিবেশী ওই নারী শাহিদা বেগম ইটল তরফদারের স্ত্রী। এ ঘটনায় ভুক্তভোগী সাগর আকন্দের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে কেটে ফেলা পেঁপে বাগান সরেজমিনে পরিদর্শন করেছেন ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষি উদ্যোক্তা সাগর আকন্দ বলেন, প্রতিবেশী ওই নারীর ছাগল প্রায়ই সবজি বাগানে প্রবেশ করত এবং বিভিন্ন গাছের চারা খেয়ে ফেলত। এ নিয়ে তাকে একাধিকবার জানানো হয়। কিন্তু সে ক্ষিপ্ত হয়ে সবজি বাগানের পাশেই ছাগল চড়াত। শনিবার সকালে ছাগল বাগানে প্রবেশ করে এবং বেশ কয়েকটি পেঁপে, কলা গাছ ও বেগুন গাছ নষ্ট করে ফেলে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, মৌখিকভাবে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টির তদন্ত প্রক্রিয়াধীন।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. হুমায়ূন কবির জানান, বিষয়টি শুনেছি। সরেজমিনে গিয়ে প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
