বড় পর্দায় নতুন চমক,সিনেমায় জুটি বাঁধছেন মেহজাবীন-নিশো

নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীন চৌধুরীর সম্পর্কের গল্প বাস্তব জীবনের। এবার সেই সম্পর্কের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়। স্বামীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন মেহজাবীন। আর এই সিনেমায় তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ছবির নাম ‘অপলক’।

আদনান আল রাজীব বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রথম সিনেমার নাম ও অভিনয়শিল্পীদের পরিচয় প্রকাশ করেন । এর আগে তার প্রথম সিনেমার নায়ক হিসেবে অভিনেতা সিয়াম আহমেদের নাম নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে মেহজাবীন ও নিশোকে নিয়েই যাত্রা শুরু করছেন এই নির্মাতা।

মেহজাবীন ও নিশো ছোট পর্দার দর্শকদের কাছে এক সময়ের তুমুল জনপ্রিয় জুটি। একসঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করে তাঁরা দর্শকের ভালোবাসা পেয়েছেন। এবার বড় পর্দায়ও তাদের একসঙ্গে দেখা যাবে। এর আগে ভিকি জাহেদের পরিচালনায় ‘পুলসিরাত’ সিনেমাতেও একসঙ্গে অভিনয় করছেন এই দুই তারকা।

প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বসিত আদনান। চুক্তিস্বাক্ষরের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।’

সিনেমাটি নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন নির্মাতা। তার ভাষায়, তারা একটি সৎ, সরল ও মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক চলচ্চিত্র নির্মাণ করতে চান। এমন একটি গল্প, যেখানে দর্শক ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন। ছবিটি নির্মাণের পেছনে যে মায়া ও ভালোবাসা রয়েছে, তা দর্শকের কাছেও পৌঁছাবে বলে আশা তার।

অন্যদিকে স্বামীর প্রথম সিনেমার অংশ হতে পেরে আনন্দিত মেহজাবীনও। নিজের ফেসবুক পেজে চুক্তিস্বাক্ষরের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমাদের সিনেমা ‘অপলক’ অবশেষে হচ্ছে। সিনেমাটির জন্য আমি উদগ্রীব হয়ে আছি। আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনচিত্র ও নাটক নির্মাণ করছেন আদনান আল রাজীব। নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় এবং স্পেশাল মেনশন অর্জন করে। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় নির্মাতা হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। ফলে ‘অপলক’ নিয়ে দর্শকের আগ্রহও তৈরি হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর