বাংলাদেশের ভরা বর্ষায় গঙ্গা-পদ্মা অববাহিকায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।এর ফলে দেশের মধ্যাঞ্চলের জেলা টাঙ্গাইল,রাজবাড়ী ও ফরিদপুরে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে- এমনটিই আশংকা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আজ সকালে এক বিজ্ঞপ্তিতে সরকারী এ সংস্থাটি জানিয়েছে,গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে,যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
তবে, ব্রক্ষ্মপুত্র-যমুনা নদ নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে,যা,আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এ ছাড়া, সুরমা ব্যতীত আপার মেঘনা অববাহিকার প্রধান নদ নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ৭২ ঘন্টা পর্যন্ত এ অববাহিকার প্রধান নদীর পানি হ্রাস অব্যাহত থাকতে পারে।
এদিকে গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে ছাতক ২৬৬ মিলিমিটার,সিলেট ১৪০ মিলিমিটার,লাল্লাখাল ১১৮ মিলিমিটার,ডালিয় ১১১ মিলিমিটার,সুনামগঞ্জ ১০৬ মিলিমিটার,কানাইঘাট ১০৫ মিলিমিটার,শেরপুর ও সিলেট ১০৫ মিলিমিটার এবং জাফলং ৮৩ মিলিমিটার।
টাঙ্গাইলে পানি বাড়ছে
বৃষ্টি ও উজানের ঢলে টাঙ্গাইলের সবকটি নদীর পানি বাড়ছে। যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ধলেশ্বরীসহ জেলার সব অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার তীর উপচে লোকালয়ে পানি প্রবেশ করায় নতুন নতুন এলাকায় বন্যাকবলিত হচ্ছে।
