নিজস্ব প্রতিবেদক: বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব মো. আব্দুল বাতেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর বিকালে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ বলেন, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল জেলায় জেলায় বুধবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে। সেই কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা ছাত্রদল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় হবিবুর রহমান প্লাজার সামনে বিক্ষোভ পথসভা শুরু করে।
এ সময় সদস্য সচিব আব্দুল বাতেনের বক্তব্য চলাকালে পুলিশ আকস্মিক লাঠি চার্জ শুরু করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বাতেনকে আটক করা হয়। লাঠিচার্জে সদর উপজেলা ছাত্রদলের কর্মী সাজ্জাদ হোসেনসহ ৫/৬ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
টাঙ্গাইল আদালতের পরিদর্শক তানবীর আহম্মেদ বলেন, গ্রেফতার ছাত্রদল নেতা আব্দুল বাতেনকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে পুলিশ আদালতে পাঠায়। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানার আদালতে হাজির করা হলে তিনি বাতেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিল। এসময় জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেনকে গ্রেফতার করা হলেও অন্য নেতাকর্মীরা পালিয়ে যায়। তার বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা অপরাধে ৫১ ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
