বাগেরহাটের মোংলায় ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) উপজেলার চিলা ইউনিয়নের একটি বিয়েতে ৩০ জন মাদরাসাছাত্র দিয়ে কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করা হয়। এতে প্রশংসায় ভাসছেন কনের বাবা।
স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের সাইদ শেখের বড় মেয়ে সাদিয়া আক্তার (১৯) সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর ফরাজির ছেলে হাফেজ মো. মিরাজের (২৪) বিয়ে ঠিক হয়। রোববার বিয়ের দিন গান-বাজনার পরিবর্তে মাদরাসার এতিম ৩০ জন ছাত্র দিয়ে কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করেন কনের বাবা। এতে প্রশংসায় ভাসছেন তিনি।
স্থানীয় জয়মনি হাফেজিয়া মাদরাসার শিক্ষক নুরে আলম বলেন, বিয়ে একটি পবিত্র ও সামাজিক বন্ধন। প্রাপ্তবয়স্ক তরুণ-তরুণী সমাজ ও ধর্মীয় রীতিনীতিতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে পবিত্র বন্ধনে আবদ্ধ হন। বিয়ের মাধ্যমে দুজনের সংসার শুরু হয়।
এ বিষয়ে কনের বাবা আবু সাইদ বলেন, দেড় মাস আগে স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ের কাবিন হয়। আজ স্বামীর হাতে তুলে দিচ্ছি তাকে। এ জন্যই কোরআন তিলাওয়াতের আয়োজন করি। আমার বিশ্বাস এতে মেয়ের সংসার অনেক সুখের হবে।
স্থানীয় ইউপি সদস্য ফজলুল রহমান মল্লিক বলেন, এমন একটি আয়োজনে খুবই আনন্দিত। আবু সাইদের এ আয়োজন প্রশংসার দাবিদার।
চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন, প্রথম থেকেই বিয়ের সবকিছু জানি। কাবিনের সময়ও উপস্থিত ছিলাম। আবু সাইদ নামাজি ও ভালো মানুষ। এর আগে ইউনিয়নে এমন আয়োজন হয়নি।
