সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার মালিককে দুদিন যাবত অবরুদ্ধ করে রেখেছে শ্রমিকরা। গত মঙ্গলবার দুপুর থেকে তাকে অবরুদ্ধ করে রাখার খবর পাওয়া গেছে। আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার দূর্গাপুর এলাকার বিকে ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিক আন্দোলনের এ ঘটনা ঘটে।
বুধবার সকালে শ্রমিকরা জানায়, ওই কারখানায় প্রায় এক’শ শ্রমিক কাজ করেন। মঙ্গলবার শ্রমিকদের জুলাই মাসের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ শ্রমিকদের বেতন দিতে না পারায় দুপুর থেকে শ্রমিকরা কারখানার মালিক রেজওয়ানুল হককে অবরুদ্ধ করে রাখেন। এ খবর লেখা পর্যন্ত তিনি অবরুদ্ধ রয়েছেন।
এদিকে শ্রমিকরা মঙ্গলবার থেকে না খেয়ে অভুক্ত অবস্থায় তাদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার ভেতরে ও বাইরে অবস্থান নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন। বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা মালিককে অবরুদ্ধ করে রাখবেন বলে জানিয়েছেন ।
অপরদিকে আশুলিয়ার গোরাট এলাকায় রেজা ফ্যাশন ও বুড়িরবাজার এলাকায় আফনান ফ্যাশনে জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
