টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া বাজারে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় সাথী আক্তার (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ জুন) সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের ইন্সপেক্টর মো. সাইফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মাঝালিয়া বাজারের একটি মুদি দোকানে তল্লাশি চালিয়ে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় দোকানদার সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মাঝালিয়া গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সাথী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
