সোমবার, জুন ২৯, ২০২৬
Homeখেলাধুলারাতে শুরু এমবাপ্পে-নেইমারদের মিশন

রাতে শুরু এমবাপ্পে-নেইমারদের মিশন

ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম দ্বিতীয় দিন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) মাঠে নামছে রোববার রাতে। প্রতিপক্ষ কায়েন। এই ম্যাচ দিয়েই লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবেন এমবাপ্পে-নেইমাররা।

গত মৌসুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। পিএসজির হয়ে প্রথম মৌসুমের শুরুটা দারুণ করেছিলেন নেইমার। কিন্তু শেষটা বিষাদে। কেননা গত ফেব্রুয়ারিতেই যে মারাত্মক ইনজুরিতে পড়েন তিনি। এ কারণেই নতুন মৌসুমে বিশ্ব ফুটবলের সেরার ‘ট্যাগ’টা হয়তো ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের সঙ্গেই ভাগাভাগি করে নিতে হবে ব্রাজিলিয়ান সুপারস্টারকে।

স্বপ্নের বিশ্বকাপে নেইমার ব্যর্থ হলেও রাশিয়ায় আলো ছড়িয়েছেন তার ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে চার গোল করে দলকে শিরোপা জেতাতে দুর্দান্ত ভূমিকা রাখেন তরুণ প্রতিভাবান এই স্ট্রাইকার। বিশ্বকাপে দুর্দান্ত খেলা এমবাপ্পের চ্যালেঞ্জ এখন নতুন মৌসুমে তার সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা।

গ্রীষ্মকালীন দলবদলে পিএসজির সেরা দুই তারকার ওপরই নজর ছিল ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর। বিশেষ করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তো তাদের দলে ভেড়াতে মরিয়া। কিন্তু দুই তারকাই সাফ জানিয়ে দেন প্যারিসেই থাকছেন তারা। এর ফলে নতুন মৌসুমেও পিএসজির সেরা আকর্ষণ নেইমার-এমবাপ্পে। তাদের সঙ্গে উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি তো রয়েছেনই।

শুধু তাই নয়, ক্যারিয়ারের গোধূলিবেলায় জুভেন্টাস ছেড়ে পিএসজিতে নতুন করে ঠিকানা গড়া জিয়ানলুইজি বুফনের দিকেও আলাদা করে নজর রাখবে ফুটবলপ্রেমীরা। গত মৌসুমে নেইমার-এমবাপ্পেদের কোচের ভূমিকায় ছিলেন উনাই এমেরি। এবার এমেরির উত্তরসূরী হিসেবে পিএসজির কোচের দায়িত্ব পালন করবেন থমাস টাচেল।

এতসব কারণে নতুন মৌসুমে পিএসজি শুধু ফ্রেঞ্চ লিগ কিংবা কাপ নয়, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ছোঁয়ার স্বপ্নেও বিভোর। রিয়াল-বার্সা-জুভেন্টাস-ম্যানসিটির মতো ক্লাবকে টপকে পিএসজি কি সেই স্বপ্ন ছুতে পারবে? প্যারিস জায়ান্টদের ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular