নিজস্ব প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু যুক্তরাজ্যে পৌঁছালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে হিথ্রো বিমানবন্দরে ইউকে টাঙ্গাইল জেলা সমিতি, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সদস্য ও যুক্তরাজ্যপ্রবাসী যুবদল নেতা মাইনুল আলম খান কনক, মিজানুর, ফাহমিদা, মিজান, হুমায়ুন, টিটু ও আহাদসহ আরও অনেকে।
ইউকে টাঙ্গাইল জেলা সমিতির সদস্য ও যুবদল নেতা মাইনুল আলম খান কনক বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর যুক্তরাজ্য আগমন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা, সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টায় একটি ফ্লাইটে পারিবারিক সফরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও তাঁর পরিবারের সদস্যরা। সফর শেষে আগামী ২৯ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
