নিজস্ব প্রতিনিধি : যুক্তরাজ্যে টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সংগঠনটির সহ-প্রচার সম্পাদক শেখ মাজহারুল ইসলাম সোহান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) তিনি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানান।
পদত্যাগপত্রে শেখ মাজহারুল ইসলাম সোহান উল্লেখ করেন, তিনি তাৎক্ষণিকভাবে সহ-প্রচার সম্পাদক পদ থেকে অব্যাহতি নিচ্ছেন এবং একই তারিখ থেকে সংগঠনের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে নিজেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করছেন। পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের কোনো কর্মসূচি, বিবৃতি, কমিটি কিংবা প্রতিনিধিত্বমূলক কর্মকাণ্ডে তার নাম ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি। চিঠিতে তিনি তার সিদ্ধান্তকে সম্পূর্ণ ব্যক্তিগত ও চূড়ান্ত বলে উল্লেখ করেন। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
এছাড়া নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “সব পথ সবার জন্য নয়, নীতি ও ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে আজ এই সিদ্ধান্ত।” এ বিষয়ে টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
