সামাজিক বা শারীরিক দূরত্বকে তোয়াক্কা না করে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই বৃহস্পতিবার ব্যাপক শ্রমিক আন্দোলন হয়েছে টঙ্গীতে। গাজীপুর মহানগরীর টঙ্গী বিসিকের দু’টি বৃহৎ পোশাক কারখানা পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে বন্ধ ঘোষণাকে কেন্দ্র করে গোটা টঙ্গী শিল্প এলাকায় এ আন্দোলন ছড়িয়ে পড়ে। কারখানা দু’টির আন্দোলনরত শ্রমিকরা অন্যান্য কারখানায় গিয়ে কর্মরত শ্রমিকদেরকে বের করে নিয়ে আসে।
টঙ্গীর মিল বাজার হা-মীম শিল্প গোষ্ঠীর পোশাক কারখানার শ্রমিকরা বহিরাগত শ্রমিকদের আন্দোলনের ডাকে সাড়া না দেওয়ায় সেখানে ব্যাপক ভাংচুর চালানো হয়। বহিরাগত শ্রমিকদের হামলায় সেখানে কর্মরত দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে কারখানা কর্তৃপক্ষ দাবী করেছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৫ শ্রমিককে রাজধানীর বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এদিকে একইসাথে বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক, টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী সড়কসহ গুরুতপূর্ণ সব সড়ক, মহাসড়ক বন্ধ করে দিনব্যাপী তাণ্ডব চালিয়েছে বিক্ষুব্দ শ্রমিকরা। বিক্ষোভ কবলিত সড়ক, মহাসড়কগুলোতে মোটর সাইকেল ও বাইসাইকেলসহ কোনো ধরণের যানবাহন চলাচল করতে দেয়নি বিক্ষুব্দ শ্রমিকরা। বিক্ষোভ চলাকালে পরিবহনে অগ্নি সংযোগ ও ভাংচুরেও মেতে উঠে শ্রমিকরা। বিক্ষোভের ভিডিও ও ছবি ধারণ করার অজুহাতে পথচারীদের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে। অবরোধের কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল প্রায় সাড়ে ৩টা পর্যন্ত টানা প্রায় আট ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী সড়ক ও টঙ্গী বিসিকের প্রধান সড়কসহ সকল শাখা রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এতে হাজার হাজার মানুষ বহু কষ্টে প্রখর রোদ্রে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড় ও টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী সড়কের সংযোগস্থল টঙ্গী স্টেশন রোড মোড়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চেরাগআলী বাসস্ট্যান্ড ও একই মহাসড়কের বোর্ড বাজার এলাকায় অবরোধ সৃষ্টি করে অবস্থান নেয় শ্রমিকরা।
জানা গেছে, টঙ্গী বিসিকের অন্যতম বৃহৎ দু’টি রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেট্রিয়টিক ইকো লিমিটেড ও রেডিসন গার্মেন্ট কারখানার শ্রমিকরা প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে কাজে যোগদান করতে এসে কারখানা বন্ধ পেয়ে বিক্ষোভ শুরু করে। বকেয়া বেতন, ছুটি ও ঈদ বোনাসের দাবীতে একপর্যায়ে তারা বিসিকের প্রধান সড়ক বন্ধ করে অবস্থান নেয়। বেলা বাড়ার সাথে সাথে অন্যান্য কারখানার শ্রমিকরাও একই দাবীতে তাদের সাথে যোগ দেয়। পরে সকল শ্রমিকরা টঙ্গী বিসিক ও শিল্প এলাকার অন্যান্য পোশাক কারখানায় গিয়ে উৎপাদন বন্ধ করে শ্রমিকদেরকে বের করে নিয়ে আসে।
এভাবে সকাল ৯টা নাগাদ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী সড়কের সংযোগস্থল স্থানীয় স্টেশন রোড মোড়ে এসে অবস্থান নেয়। অপরদিকে বেলা ১২টার দিকে বিক্ষুব্দ শ্রমিকদের অপর একটি অংশ মহাসড়কের টঙ্গী চেরাগআলী মার্কেট ও বোর্ড বাজার এলাকায় অবস্থান নিয়ে আশপাশের শাখা সড়কগুলোতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় পাশের চেরাগআলী মার্কেটের দ্বিতলা থেকে উৎসুক দোকান কর্মচারীরা মোবাইলে আন্দোলনের ছবি ও ভিডিও ধারণ করায় শ্রমিকরা মার্কেটেও হামলা চালিয়ে ভাংচুর করে।
বিসিকের আন্দোলনরত শ্রমিকরা টঙ্গী শিল্প এলাকার মেঘনা রোড, শহীদ সুন্দর আলী রোড, স্কুইব রোডসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানায় গিয়ে হামলা চালিয়ে শ্রমিকদেরকে তাদের সাথে আন্দোলনে নামতে বাধ্য করে। এসময় বেশ কয়েকটি কারখানায় গিয়ে বহিরাগত শ্রমিকরা প্রতিরোধের মুখেও পড়ে। টঙ্গীর স্কুইব রোডের কাঠালদিয়া এলাকায় একটি কারখানা বন্ধ করতে গেলে সেখানকার শ্রমিক ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে আন্দোলনরত বহিরাগত শ্রমিকরা পিছু হটতে বাধ্য হয়।
এসময় বহিরাগত বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। অপরদিকে মিল বাজার শহীদ সুন্দর আলী রোডের হামীম শিল্প গোষ্ঠীর ‘দ্যাট ইস গার্মেন্টস’ নামের কারখানায় বহিরাগত শ্রমিকরা হামলা চালিয়ে ব্যাপক তাণ্ডব চালায়।
কারখানাটির এজিএম মিজানুর রহমান জানান, বিভিন্ন অবকাঠামো ও মেশিনপত্রসহ তাদের কারখানায় ব্যাপক ভাংচুর চালানো হয়েছে। এতে তাদের প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। তাদের শ্রমিকরা আন্দোলনে সাড়া না দেওয়ায় সাঠিসোটা নিয়ে সজ্জিত বহিরাগত দাঙ্গাবাজ শ্রমিকরা তাদের নিরীহ শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এতে তাদের দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহত তাদের ছয় জন শ্রমিক-কর্মচারীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে কারখানার প্রকৌশলী নূর ইসলাম (৩৬) রাজধানীর ইস্পাহানী চক্ষু হাসপাতাল, নিরাপত্তা অফিসার নাসির উদ্দিন (৪২) সিএমএইচ হাসপাতাল, প্রকৌশল শাখার কর্মচারী মঞ্জুরুল ইসলাম (৩৭) ও শ্রমিক মানিক (২২) টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং নারী শ্রমিক সাদিয়া (২২) টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি আছেন।
হা-মীম শিল্প গোষ্ঠীর শ্রমিকরা জানান, তাদের কারখানায় কোনো ধরণের সমস্যা নাই। তারা নিয়মিত বেতন ভাতা পেয়ে কর্তৃপক্ষের প্রতি সন্তুষ্ট এবং শান্তিপূর্ণভাবেই তারা উৎপাদনে নিয়োজিত আছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে একদল বহিরাগত উশৃংখল শ্রমিক লাঠিসোটা নিয়ে তাদের কারখানার ফটক খুলতে হবে এবং শ্রমিকদেরকে ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। কিন্তু শ্রমিকরা বাহিরে যেতে রাজি না হওয়ায় বহিরাগত শ্রমিকরা একর্যায়ে কারখানাটিতে হামলা চালায়।
এদিকে জিএমপি ও টঙ্গী শিল্প পুলিশ সূত্র জানায়, হাম-মীম শিল্প গোষ্ঠীর কারখানায় ভাংচুরের সময় বহিরাগত ৩৫ জন শ্রমিককে পুলিশ আটক করেছে এবং বিক্ষোভের উৎপত্তিস্থল টঙ্গী বিসিকের পেট্রিয়টিক ইকো লিমিটেড ও রেডিসন গার্মেন্ট কারখানার নিরাপত্তায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ঈদ বোনাস ও বেতন ভাতার দাবীতে গাজীপুর মহানগরির বোর্ড বাজার এলাকায়ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্দ শ্রমিকরা।
টঙ্গী বিসিকের পেট্রিয়টিক ইকো লিমিটেড ও রেডিসন গার্মেন্ট কারখানার শ্রমিকরা জানান, কারখানা কতৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ না করেই বুধবার রাতে কারখানায় বন্ধের নোটিশ টানিয়ে লাপাত্তা হয়েছেন। বৃহস্পতিবার সকালে তারা যথারীতি কাজে যোগদান করতে এসে কারখানার গেটে তালা ও বন্ধের নোটিশ দেখতে পান। এসময় কারখানা দুটিতে নিরাপত্তা প্রহরী ছাড়া আর কাউকে তারা পাননি। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও দায়িত্বশীলদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় তারা উপায়ন্তর না পেয়ে দাবী আদায়ের জন্য রাস্তায় নেমে আসে।
এ ব্যাপারে টঙ্গী শিল্প পুলিশের পরিদর্শক রাজ্জাকুল হায়দার নয়া দিগন্তকে জানান, দিনব্যাপী আন্দোলনে ক্লান্ত শ্রমিকরা বেলা আড়াইটার দিকে মহাসড়ক ছাড়তে শুরু করে। বিকেল ৩টার পর থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়। হা-মীম শিল্প গোষ্ঠীর কারখানায় হামলা ও ভাংচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান রাজ্জাকুল হায়দার।
