নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সরকারি খাস জমি জবর-দখল করে ঘর নির্মাণের চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে মোস্তফা খান রাজিব (৪০) নামে এক আওয়ামী লীগ নতাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা উপজলার প্রতিমাবংকী গ্রামের শোলাপ্রতিমা এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন। রাজিব টাঙ্গাইলের বাসাইল উপজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বাসাইল পৌরসভার ২নং ওয়ার্ডের বজলুর রহমান খানের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, উপজলার প্রতিমাবংকী গ্রামের শোলাপ্রতিমা এলাকায় সরকারি ১নং খাস খতিয়ানের এসএ ৯১নং দাগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ চলছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে আওয়ামী লীগ নেতা রাজিবের নেতৃত্বে শতাধিক লোক স্টেডিয়ামের নির্মাণাধীন ওই জমিতে হঠাৎ টিনের ঘর নির্মাণের কাজ শুরু করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।
ভ্রাাম্যমাণ আদালতের টের পেয়ে সবাই পালিয়ে গেলেও রাজিব বাক-বিতন্ডা ও আদালতকে হুমকি দেয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত দুই বান্ডিল টিন ও কাঠ জব্দ করেন।
আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, সরকারি জমি জবর-দখলের চেষ্টা, সরকারি কাজে বাধা ও আদালতকে হুমকির অপরাধে পেনাল কোর্টের ১৮৬ ও ১৮৯ ধারায় তাকে এ সাজা দেওয়া হয়েছে।
সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, গ্রেপ্তার রাজিবকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
