শিক্ষকদের দিয়ে আর দলীয় কাজ নয়: এমপি কালামমির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের তিনবারের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, শিক্ষকদের কখনোই বিএনপির দলীয় কাজে ব্যবহার করা হবে না এবং তাদের দিয়ে কোনো অনৈতিক কাজও করানো হবে না। তিনি বলেন, “নির্বাচনের সময় আপনাদের দিয়ে কাজ করানো বা আগেভাগে ব্যালট চাওয়ার মতো সংস্কৃতি আমরা ভুলে যেতে চাই।”
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে মির্জাপুরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় এবং মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামিক ইতিহাসের অধ্যাপক ড. মো. ফজলুল হক, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওছমান গনি, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন।
এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, বাংলাদেশ শিক্ষক সমিতি (টাঙ্গাইল জেলা শাখা) সভাপতি মো. আব্দুল কাদের, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবদুর রউফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মহসীন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
