নিউজ টাঙ্গাইল ডেস্ক: স্কুলপর্যায়ে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ফাইজার ও মর্ডানার তৈরি করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভ্যাক্স জোট থেকে শিশুদের জন্য আরও ভ্যাকসিন পাঠালে অতি সত্বর স্কুল শিক্ষার্থীদেরকে সরকার ভ্যাকসিন প্রদান শুরু করবে।
রোববার (১০ অক্টোবর) রাজধানীর বিসিপিএস মিলনায়তনে কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ থেকে ১৭ বছরের শিশুদের শিগগিরই ভ্যাকসিনের আওতায় আনা হবে। এ লক্ষ্যে আমাদের প্রস্তুতি চলছে। তাদের ফাইজারের ভ্যাকসিন দেওয়া হবে। আমাদের কাছে ৬০ লাখ ফাইজারের ভ্যাকসিন মজুদ আছে, আরও ৪০ লাখ ডোজ ভ্যাকসিন শিগগিরই পাব।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিনের বিষয়ে তিনি আমাদের অনুমোদন দিয়েছেন।
জাহিদ মালেক আরও বলেন, ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে আমরা আট কোটি লোককে ডাবল ডোজ এবং মার্চ থেকে এপ্রিলের মধ্যে আরও চার কোটি ডাবল ডোজ ভ্যাকসিন দিতে সক্ষম হব। মোট ১২ কোটি লোককে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে আগামী এপ্রিলের মধ্যে, এতে ৭০ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, নভেম্বরে পৌনে চার কোটি ডোজ ভ্যাকসিন থাকবে সরকারের হাতে। সবচেয়ে বেশি ভ্যাকসিন থাকবে ডিসেম্বরে, প্রায় পাঁচ কোটি ডোজ। দৈনিক ৪-৫ লাখ ডোজ ভ্যাকসিন দেয়া হচ্ছে।
ভ্যাকসিন আসার নিশ্চয়তা থাকায় এবং হাতে পর্যাপ্ত ভ্যাকসিন থাকায় প্রতিদিন ১০-১২ লাখ ডোজ ভ্যাকসিন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 