শনিবার, জুন ২৭, ২০২৬
Homeদেশের খবর‘অনেকদিন পর পেট ভরে মুরগির মাংস আর ডিম দিয়া পোলাও খাইছি’

‘অনেকদিন পর পেট ভরে মুরগির মাংস আর ডিম দিয়া পোলাও খাইছি’

ময়মনসিংহে ৫০ জন পথশিশুকে পেট ভরে খাওয়ানোর পর উপহার সামগ্রী বিতরণ করেছে স্বপ্নপূরণ নর-নারী উন্নয়ন সংস্থা। এসব উপহার সামগ্রীর মধ্যে ছিল- কলম, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, টুথ পেস্ট, টুথ ব্রাশ, শ্যাম্পু, স্কুল ব্যাগ এবং গোসলের সাবান।

শনিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরীর সাহেব কোয়ার্টার এলাকার গ্রিন পয়েন্টে শিশুদের খাওয়া-দাওয়া শেষে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

খাওয়া শেষে উপহার হাতে পেয়ে নগরীর থানারঘাট এলাকার শিশু শান্ত বলে, অনেকদিন পর পেট ভরে মুরগির মাংস আর ডিম দিয়া পোলাও খাইছি। খুব ভালো লাগছে।

নগরীর কাঁচিঝুলি এলাকার শিশু পলাশ দাস বলে, সবাই একসাথে হয়ে আমরা খাইছি। খাওয়ার পর আমাদের স্কুল ব্যাগসহ অনেক কিছু উপহার দিয়েছে।

টাউনহল এলাকার মিথিলা বললো, আমরা খাওয়ার পর অনেক উপহার পেয়েছি। সাথে একটা ব্যাগ পেয়েছি। আমার আগে স্কুল ব্যাগ ছিল না। এখন থেকে এই ব্যাগে করে বই নিয়ে স্কুলে যাবো।

স্বপ্নপূরণ নর-নারী উন্নয়ন সংস্থার সভাপতি আফসানা আক্তার বলেন, পথশিশুদের খাওয়ানোর পর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে শিশুরা অনেক খুশি হয়েছে। শিশুদের মাঝে আমি আনন্দ খুঁজে পাই। তারা খুশি হলেই আমার অনেক ভালো লাগে।

তিনি আরও বলেন, খাওয়া-দাওয়া ও স্কুল ব্যাগ আমার সংস্থা থেকে বিতরণ করা হলেও অন্যান্য উপহার সামগ্রী আফরা আঁচল নামে এক শিক্ষার্থী দিয়েছেন।

শিশুদের খাওয়া ও উপহার সামগ্রী বিতরণের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স দেলোয়ারা আক্তারসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular