নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্ল্যা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্ল্যা এলাকায় ঢাকামুখী সার্ভিস লেনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাঁর ধারণা, রোববার সন্ধ্যার পর থেকে সোমবার সকাল ৭টার আগের কোনো একসময় অন্য স্থান থেকে মরদেহটি এনে সেখানে ফেলে রাখা হয়েছে।
তিনি বলেন, নারীর নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। শরীরের বিভিন্ন স্থানে কাটার দাগ রয়েছে। এ ছাড়া পায়ে কয়েকটি ফোস্কা দেখা গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও ওই নারীকে হত্যা করে মহাসড়কের পাশে মরদেহ ফেলে গেছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত মরদেহটির কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নারীর বয়স আনুমানিক ২৩ বছর।
মরদেহের কোনো স্বজন বা দাবিদার পাওয়া না গেলে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করবে বলেও জানান তিনি।
