নিউজ টাঙ্গাইল ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের ঘোষনার মাধ্যমে জানা গেছে ছেলের বদলে বাবা টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আগামী নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিযোগিতা করবেন।
মঙ্গলবার (২০ নভেম্বর) সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “আমি দু’টি আসনের কথা নিশ্চিত করে বলতে পারি। একটি হলো কক্সবাজারের উখিয়া। সেখানে আবদুর রহমান বদিকে মনোনয়ন না দিয়ে আমরা তার স্ত্রীকে (শাহীনা আক্তার চৌধুরী) দিচ্ছি। আরেকটা টাঙ্গাইলের ঘাটাইল। সেখানে আমানুর রহমান খান রানা মনোনয়ন পাচ্ছেন না, পাচ্ছেন আতাউর রহমান খান।”
ওবায়দুল কাদের বলেন, “টাঙ্গাইলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাও একাধিক জরিপে এগিয়ে। আপনারা চাইলে আমি জরিপের ফল দেখাতে পারি। তবু কনট্রভার্সি (বিতর্ক) এড়াতে আমরা এবার তাকে মনোনয়ন দিচ্ছি না। যদিও তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। অভিযোগ তার ভাইদের বিরুদ্ধে।”
এ সময় তিনি জানান, “আওয়ামী লীগের মনোনয়ন প্রায়ই চূড়ান্ত। জোটের শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২৫ নভেম্বর জোটগতভাবে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে। তখন সবাই জানতে পারবেন কে কোন আসনে নৌকার প্রার্থী হবেন।”
আমানুর রহামান খান জেলে থাকার কারনে নির্বাচন করতে পারবে না, তাই তার বাবা আতাউর রহমান তার উত্তরসুরী হিসেবে নির্বাচনে অংশ নেবেন নৌকা প্রতীক নিয়ে।
ঘাটাইলের সাধারণ মানুষ আশা প্রকাশ করেন, ক্লিন ইমেজের একজন পরিপাটি সাদা মনের মানুষ আতাউর রহমান খান অবহেলিত ঘাটাইলবাসীকে পশ্চাদদেশ থেকে টেনে তুলে এনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সেই হবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার নির্ভরযোগ্য মাঝি।
