গাজীপুরের গাছা মেট্রোপলিটন থানার এক এসআই করোনায় আক্রান্ত হয়েছেন। এই এসআই যে বাসায় ভাড়া থাকেন এবার সে বাসার বাড়িওয়ালাসহ পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রোববার ওই বাসার মালিকের স্ত্রী করোনাভাইরাস পজেটিভ আসেন। বাসাটি লকডাউন করে রোববার অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বাসার মালিক ও তার মেয়ের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
ওই এসআই পরীক্ষায় পজেটিভ আসার পর থেকেই এই ভাড়া বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। অন্য আক্রান্তরাও এই বাসায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
এসব তথ্য নিশ্চিত করেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। তিনি জানান, আক্রান্ত এসআই-এর সংস্পর্শে ওই বাসার আরও তিন জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত। আমরাও অনেকটা ভয়ের মধ্যে কাজ করে যাচ্ছি।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীন বলেন, গাছা থানায় কর্মরত এক এসআইয়ের করোনাভাইরাস পজেটিভ হয়েছে। তিনি গাছা এলাকার যে বাসায় ভাড়া থাকেন ওই বাসার মালিকের স্ত্রী করোনাভাইরাস পজেটিভ হয়। নমুনা পরীক্ষার পর বাসার মালিক ও তার মেয়ে এবং করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্ত চার জনই বাসায় রয়েছেন।
আইইডিসিআরের তথ্য মতে, এখন পর্যন্ত গাজীপুরে ৩৫ জন করোনা আক্রান্ত। এছাড়া সিভিল সার্জনসহ ১৩ জন কর্মকর্তা গত তিনদিন ধরে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
