এলেঙ্গা-রংপুর চারলেন সড়ক নির্মাণে ৩৪০০ কোটি টাকার এডিবি ঋণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জের হাটিকুমরুল, রংপুরের বুড়িমারী পর্যন্ত ১৯০ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। ‘সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) সড়ক সংযোগ প্রকল্প (২) এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চারলেনে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা) ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

রোববার (১৫ মার্চ) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন।

চুক্তি সইয়ের পর মনমোহন প্রকাশ বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এরকম একটি চুক্তি হচ্ছে, এটি স্মরণীয় হয়ে থাকবে। প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা এর মধ্য দিয়ে বাংলাদেশ, নেপাল ও ভারতের মধ্যে সড়ক সংযোগ স্থাপিত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নিরাপদ সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। পরিবহন খরচ কমবে।’

এছাড়া করোনা পরিস্থিতি মোকাবিলায় এডিবি বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।

প্রতি ডলার ৮৬ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা। এডিবি ঋণে ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য। ঋণের জন্য শূন্য দশমিক ১০ শতাংশ হারে ম্যাচুরিটি প্রিমিয়াম এবং অব্যায়িত অর্থের ওপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ দিতে হবে সরকারকে।

এর আগে প্রথম কিস্তিতে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল এডিবি।

উন্নত দেশগুলোর মতোই আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে এ চারলেনে। প্রকল্পের আওতায় এ সড়কের দু’পাশে ধীরগতিসম্পন্ন যানবাহনের লেনও তৈরি করা হবে, যার ফলে এটি ছয়লেনে প্রশস্ত হবে।

এর পাশাপাশি মহাসড়কে ২ হাজার ৬৩৫ মিটারের তিনটি ফ্লাইওভার, ৪১১ মিটারের একটি রেলওয়ে ওভারপাস, ৩২টি ব্রিজ, ১৬১টি কালভার্ট, ১১টি পথচারী ওভারপাস, ৩৯টি আন্ডারপাস এবং একটি ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে।

প্রকল্পের উদ্দেশ্য হলো- ঢাকা-নর্থওয়েস্ট আন্তর্জাতিক বাণিজ্য করিডোরের সড়ক যোগাযোগ ও দক্ষতা বৃদ্ধিসহ ভুটান, ভারত ও নেপালের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ সহজতর করা। প্রকল্পের মাধ্যমে এলেঙ্গা থেকে হাটিকামরুল হয়ে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার মহাসড়ক দুই লেন থেকে ৪ লেনে উন্নীতকরণসহ উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য পৃথক লেন নির্মাণ করা হবে। এছাড়া মহাসড়কে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার স্বার্থে ফ্লাইওভার, আন্ডারপাস, রেলওয়ে ওভারপাস, পথচারী পারাপার, চতুর্মুখী জংশন নির্মাণ এবং নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে সড়ক পরিচালনা ও ব্যবস্থাপনায় সড়ক বিভাগের দক্ষতা বাড়ানো সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে। এছাড়া সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকনোমিক কো-অপারেশন (এসএএসইসি) করিডোর ৪ ও ৯, এশিয়ান হাইওয়ে-২, বিমসটেক-২ এবং সার্ক হাইওয়ে করিডোর-৪ এর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ প্রকল্প এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধিতে অবদান রাখবে।

চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, সাসেক সড়ক সংযোগ প্রকল্প ২ এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পটি ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন পায়। প্রকল্পটিতে মোট ১১ হাজার ৮৯৯ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে সরকারি তহবিল থেকে খরচ হবে ২ হাজার ৫৪৪ কোটি ৪ লাখ টাকা। আর এডিবির ঋণ ৯ হাজার ৩৫৪ কোটি টাকা ব্যয় করা হবে।

প্রকল্পের দ্বিতীয় কিস্তির প্রাক্কলিত মোট ব্যয় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে এডিবি ৪০ কোটি মার্কিন ডলারের সমতুল্য ৩৬০ মিলিয়ন ইউরো ওসিআর ঋণ ও সরকারি ১০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে।

এডিবি প্রদেয় ওসিআর ঋণ ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে। এতে সুদের হার ইউরিবোর ভিত্তিক শূন্য দশমিক ৫০ শতাংশ। এছাড়া ওসিআর ঋণের জন্য শূন্য দশমিক ১০ শতাংশ হারে ম্যাচুরিটি প্রিমিয়াম এবং অব্যয়িত অর্থের ওপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্য দিতে হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর