নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য এখনো কোনো আবেদন না পাওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তাছাড়া এটি আদালতের বিষয়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এদিকে, বেগম খালেদা জিয়ার জামিনের জন্য প্যারোলের আবেদন করলে শর্ত বিবেচনায় বিষয়টি ভাবা হবে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, তার জামিন নিয়ে দ্বিমুখী আচরণ করছে বিএনপি। আজ বেলা ১২টায় সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
এছাড়া খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন ইউএনবিকে জানিয়েছেন, তারা বিএনপি প্রধানের মুক্তি চেয়ে এ সপ্তাহে আবারও জামিন আবেদন করা হবে।
ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সরকার বিশেষ বিবেচনায় এমন আসামির কারাদণ্ড স্থগিত করতে পারেন।
বিএনপির নেতা-কর্মীরা দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে গতকাল শনিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার বলেন, সরকারের উচিত খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে রাজনীতি না করে তাকে মানবিক কারণে জরুরিভাবে মুক্তি দেয়া।
দুর্নীতির দুটি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী। গত বছর অসুস্থ হলে তাকে ১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। এখন পর্যন্ত তিনি সেখানেই আছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।