গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তুপ থেকে সোমবার (৩১ আগস্ট) সকালে একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কঙ্কালটি স্থানীয় আব্বাস আলীর ছেলে সোহানের (১৪) বলে দাবি করছে তার স্বজনরা। ওই এলাকার আবুল প্রধান কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র সোহান প্রায় এক মাস আগে নিখোঁজ হয়েছিল।
সোহানের পরিবারের সাথে কথা বলে জানা যায়, গত ৩ আগস্ট বিকাল থেকে সোহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শ্রীপুর থানায় সাধারণ একটি ডায়েরিও করা হয়েছিল।
সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কঙ্কালের পাশে থাকা হলুদ শার্ট, জিন্সের প্যান্ট ও জুতা দেখে তা সোহানের বলে নিশ্চিত করেন মা নাজমা বেগম।
সোহানের মা নাজমা বেগম বলেন, গত ৩ আগস্ট বিকালে স্থানীয় লিচু বাগান এলাকায় সোহান তার খালা সেলিনা বেগমের বাসায় যায়। পরে তার খালার কাছ থেকে বিশ টাকা নিয়ে পাশে দোকানে যাওয়ার কথা বলে ওই বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।
তিনি আরো জানান, ওই দিন সন্ধ্যায় তাকে স্থানীয় সফর উদ্দিনের ছেলে আজিজুল হকের সঙ্গে সোহানকে ওই এলাকায় দেখেছে বলে জানিয়েছে এলাকাবাসী। আজিজ মাদকসেবী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন নিউজ টাঙ্গাইলকে জানান, উদ্ধার হওয়া কঙ্কালটি সোহানের কি-না তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার করা হবে। আর অভিযুক্ত আজিজুলের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
