ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে নতুন করে আরও একজন করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট ২৬ জন করোনা আক্রান্ত হলেন।
আজ বুধবার (১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান।
তিনি বলেন, ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনুটিয়া বেতবাড়ী এলাকার একজন নতুন করে করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। তিনি ময়মনসিংহ জেলায় চাকরি করতেন। গত ২৫ জুন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তিনি নমুনা দিয়েছিলেন। আজ বুধবার প্রাপ্ত ফলাফলে জানাযায় তিনি করোনা পজিটিভ।
ডাঃ সাইফুর রহমান খান আরও জানান, আক্রান্ত ওই যুবকের বাড়ী উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় লকডাউন করা হয়েছে।
জানাযায়, নতুন করে আক্রান্ত ওই ব্যক্তির নাম মুশফিকুর (৩০)। তিনি ময়মনসিংহে চাকুরীরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে উপসর্গ নিয়ে ঘাটাইলে গ্রামের বাড়ীতে এসেছিলেন। বর্তমানে তিনি তার গ্রামের বাড়ীতে আইসোলেশন রয়েছেন।
তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে বলে তার পরিবার সুত্র নিশ্চিত করেছেন।
এদিকে ঘাটাইলে মোট করোনা পজিটিভ হলেন ২৬ জন। তাদের অধিকাংশই ঘাটাইলের বাইরে অবস্থান করে করোনা আক্রান্ত হয়েছেন।
