নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড়ে জন্ম নেওয়া শিশু সিত্রাংকে দেখতে ওই দম্পতির বাড়িতে যান জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান। তিনি শিশুটির জন্য নতুন জামাকাপড় উপহার হিসেবে নিয়ে যান। সঙ্গে করে নেন মিষ্টিও। সেই সঙ্গে শিশুটির মায়ের হাতে তুলে দেন খাদ্যসামগ্রী ও নগদ ১০ হাজার টাকা। জেলা প্রশাসককে পেয়ে ওই পরিবারের সদস্য ও গ্রামের লোকজন উচ্ছ্বসিত।
জানা যায়, গত সোমবার ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ৭ নম্বর বিপৎসংকেত জারি করা হয়েছিল আবহাওয়া অধিদপ্তর থেকে। আশপাশের লোকজন ছুটছেন আশ্রয়কেন্দ্রের দিকে। সে সময় ঘরের ভেতর প্রসবব্যথায় কাতরাচ্ছিলেন অন্তঃসত্ত্বা ফারজানা বেগম (৩৩)। এরই মধ্যে জোয়ারের পানি ঢুকে পড়ে ঘরের ভেতর। তিনি আশ্রয় নেন চৌকির ওপর। সেখানেই রাত ১০টার দিকে একটি কন্যাসন্তানের জন্ম দেন ফারজানা। ওই নবজাতকের নাম ‘সিত্রাং’রেখেছেন ফারজানা ও তাঁর স্বামী শরিফ উদ্দিন। পুরো নাম ‘জান্নাতুল ফেরদাউস সিত্রাং’।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়নের চতলারখাল এলাকার বাসিন্দা শরিফ ও ফারজানা দম্পতি।
