নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল শহরে অটোরিকশায় উঠে এক কিশোরী নিখোঁজ হয়েছে বলে তার স্বজন ও পুলিশ জানিয়েছে।
বুধবার দুপুরে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইল বেবিস্ট্যান্ড যাওয়ার জন্য একটি অটোরিকশায় ওঠার পর ১৫ বছর বয়সী এই মেয়েটি নিখোঁজ হয়।
মেয়েটির বাড়ি নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বঙ্গবকুটিয়া গ্রামে।
এ ঘটনায় মেয়েটির বাবা টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
তার বাবা বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান, বুধবার সকালে মেয়েকে নিয়ে তিনি নাগরপুর থেকে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডে ‘বিকাশ’ অফিসে যান। বিকাশ অফিসের কাজ শেষে তিনি মেয়েকে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইল বেবিস্ট্যান্ডে যাওয়ার জন্য একটি অটোরিকশায় উঠিয়ে দেন। তারপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
“ঢাকা গিয়ে বিকালে খবর পাই আমার মেয়ে বাড়ি ফিরে যায়নি। আমি সঙ্গে সঙ্গে ঢাকা থেকে টাঙ্গাইল এসে মেয়ের নিখোঁজের বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করি।”
টাঙ্গাইল সদর থানার এসআই ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, “জিডি পেয়ে আমরা দেশের সকল থানায় বেতার বার্তা পাঠিয়ে দিয়েছি। এর বাইরে আমাদের অভিযান অব্যাহত আছে।”
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।