টাঙ্গাইলে পরিত্যক্ত গরুর খামার থেকে অটো চালক মো. রাশিদুল ইসলাম (২৬)-এর মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার রোববার (১১ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাশিদুল ইসলাম গত ২৬ নভেম্বর সদর উপজেলার পানিয়াবান্দা গ্রামের বাড়ি থেকে অটো চালানোর উদ্দেশ্যে বের হন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না যাওয়ায় ২৪ ডিসেম্বর সদর থানায় একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করা হয়।

মামলার রহস্য উদঘাটনের জন্য পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩ জানুয়ারি সহিদ হাসানকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার বেড়াডোমার ঘোনাপাড়া এলাকা থেকে রাশিদুলের অটো উদ্ধার করা হয়।

পরে, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— সদর উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে সজিব, পৌর এলাকার মো. আলমের ছেলে সাব্বির, উজ্জলের ছেলে মো. সোহেল, সদর উপজেলার রফিকের ছেলে ফরিদ হাসান এবং শরিফুলের ছেলে মো. শাওন।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতদের তথ্য অনুযায়ী দেলদুয়ার উপজেলার বুরবুরিয়া গ্রামের পরিত্যক্ত গরুর খামার থেকে ভিকটিমের মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ড উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন উদ্ধারকৃত অংশ শনাক্ত করেছেন।

তিনি আরও জানান, বিষয়টি শতভাগ নিশ্চিত করতে আলামত সংগ্রহ করে ঢাকায় ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর