মির্জাপুরে ৪২ লাখ টাকায় খেলার মাঠের জন্য জমি কিনলেন গ্রামবাসী

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নিজেদের অর্থায়নে ৪২ লাখ টাকা ব্যয়ে ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ তৈরি করার উদ্যোগ নিয়েছেন ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দারা। গ্রামের ধনী-গরিব নির্বিশেষে ১৪০ জনের সম্মিলিত উদ্যোগে কেনা হয়েছে এই জমি।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে জমি রেজিস্ট্রি উপলক্ষে বাদ্যযন্ত্রের তালে ঘোড়ার গাড়ি, মোটরসাইকেল ও পিকআপ ভ্যানে শোভাযাত্রা নিয়ে উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি অফিসে আসেন কামারপাড়া গ্রামের বাসিন্দারা। জমি রেজিস্ট্রি শেষে সেখানে জাতীয় পতাকা উড়িয়ে খেলার মাঠের ঘোষণা দেওয়া হয়। পরে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

গ্রামবাসীদের এ উদ্যোগে কেউ ১০, ৫, ২ কিংবা ১ শতাংশ জমির সমপরিমাণ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আবার কেউ ১০ হাজার, ৫ হাজার, ১ হাজার টাকা কিংবা সামর্থ্য অনুযায়ী সর্বনিম্ন ১০০ টাকা দিয়েও অংশ নিয়েছেন। সবার সম্মিলিত অর্থায়নে গ্রামের দক্ষিণপাড়ায় নদীর পাশে লেবুবাগান এলাকায় আব্দুর রাজ্জাকের ৯৮ শতাংশ জমি কেনা হয়েছে।

এ উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, শিক্ষক নেতা মঞ্জুরুল কাদের মাস্টার, গ্লোবাল ট্যুরিজমের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ব্যবসায়ী মো. আশিকুর রহমান, সিরাজুল ইসলাম মাস্টার, আশা সংস্থার ডেপুটি ডিরেক্টর আসলাম সিকদার, এ কে আজাদ, আসাদুজ্জামান সিকদার, প্রকৌশলী কাওসার আহমেদ, রাসেল মাহমুদ, আকিব আসলাম ও শামীম মিয়াসহ গ্রামের আরও অনেকে।

ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, গ্রামের হাজী মিনহাজ উদ্দিন ১০ শতাংশ, হাজী দরবেশ আলী ১০ শতাংশ, প্রয়াত চেয়ারম্যান তোতা মিয়ার পরিবার ১০ শতাংশ, আব্দুর রাজ্জাক ৫ শতাংশ, সাইদুল মাস্টার ৪ শতাংশ, রহিম সিকদারের পরিবার ৫ শতাংশ এবং মো. জিন্না তালুকদার ৩ শতাংশ জমির সমপরিমাণ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। এ ছাড়া অনেকে ১ থেকে ২ শতাংশ জমির মূল্যসহ নগদ অর্থ দিয়েছেন।

তবে প্রস্তাবিত খেলার মাঠে যাতায়াতের জন্য এখনো কোনো রাস্তা নেই। মাঠের জন্য মাটি ভরাট ও রাস্তা নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন চেয়ারম্যান মাসুদুর রহমান।

উদ্যোক্তা মঞ্জুরুল কাদের মাস্টার বলেন, ৩৬ লাখ ২৬ হাজার টাকায় ৯৮ শতাংশ জমি কেনা হয়েছে। রেজিস্ট্রি খরচসহ মোট ব্যয় হবে প্রায় ৪২ লাখ টাকা। বাদ্যযন্ত্র বাজিয়ে ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে জমি রেজিস্ট্রি করতে পেরে এবং গ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় সবাই আনন্দিত।

কামারপাড়া গ্রামের বাসিন্দা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির বলেন, এ মাঠে খেলাধুলার চর্চা হলে কিশোর-তরুণেরা সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে। তারা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকবে। তিনি ও তাঁর পরিবার এ মহতী উদ্যোগের অংশ হতে পেরে আনন্দিত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, সরকারি-বেসরকারি কোনো সহায়তা ছাড়াই একটি গ্রামের মানুষ নিজেদের অর্থায়নে খেলার মাঠের জন্য জমি কিনেছেন, এটি প্রশংসনীয় উদ্যোগ। মাঠের সার্বিক উন্নয়নে সরকারি সহায়তা করা হবে বলেও জানান তিনি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর