নিজস্ব প্রতিবেদক: সীমানা জটিলতা সংক্রান্ত মামলার কারণে উচ্চ আদালতের আদেশে স্থগিত হয়ে থাকা টাঙ্গাইলের গোপালপুরে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গত বুধবার (১২ অক্টোবর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুই ইউনিয়ন হচ্ছে- উপজেলার হেমনগর ও ঝাওয়াইল।
এ দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেমনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনিছুর রহমান তালুকদার হীরা এবং ঝাওয়াইল ইউনিয়নে আনারস প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও ভূঞাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা এ বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে বুধবার নির্বাচনের দিন রাতে ওই দুই ইউনিয়নের নির্বাচনী ফলাফল ঘোষণা করেন তিনি।
নাজমা সুলতানা জানান, হেমনগর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনিছুর রহমান তালুকদার হীরা ৬ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ খান নাসির টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ১৯৯ ভোট।
এছাড়াও ঝাওয়াইল ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান তালুকদার আনারস প্রতীকে ৮ হাজার ৪৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আয়শা আক্তার শিখা পেয়েছেন ৭ হাজার ৯০৬ ভোট।
