নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে একটি গ্লাস ফ্যাক্টরিতে আগুন লেগেছে। গত বুধবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ১৫ ঘণ্টা চেষ্টার পর আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারি পরিচালক মো. রেজাউল করিম জানান, উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়ায় অবস্থিত নাসির গ্লাসওয়্যার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টাঙ্গাইল, মির্জাপুর, বাসাইল ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
কারাখানার এজিএম জয়নাল আবেদীন জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানা যাবে।
