নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলার দরুনসাইট্রা এলাকায় পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে বিমল হায়দার (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপটিতে থাকা ৬ জন।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিমল বগুড়ার শানু হায়দারের ছেলে।
আহতরা হলেন- নাটোরের বিজয় কর্মকারের ছেলে হৃদয় (২০), বগুড়ার দেওড়া পাড়া এলাকার বাসিন্দা ওমর আলী (৫০), একই এলাকার বিনোদ কর্মকারের ছেলে বিজয় কর্মকার (৪০), জয়নাল মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৪২) ও নাটোরের বিজয়ের ছেলে সৌম্য (২৫)।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকামুখী একটি পিকআপ ভ্যান মহাসড়কের দরুনসাইট্রা এলাকায় একটি ব্রিজের কাছে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমল নিহত হন এবং আহত হন ছয়জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই শ্রমিক বলে জানা গেছে।
