বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে বাবা হত্যা আর গৃহবধূর রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইলে বাবা হত্যা আর গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা উত্তর রামপাল গ্রামে মোছা. তন্নি (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তন্নি ওই এলাকার আল-আমিনের স্ত্রী ও সদর উপজেলা সারুটিয়া গ্রামের আমীর হামজার মেয়ে। এ ঘটনায় আল-আমিন, তার মা রোকেয়া, বড় ভাই রফিকুল পলাতক রয়েছে।

তন্নির বাবা আমীর হামজা জানান, ২০১৭ সালে আল-আমিনের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় তন্নিকে তার স্বামী মারধর করতো। মঙ্গলবার(৩ মার্চ) রাতে তার মেয়ে তন্নিকে গলা টিপে হত্যা করে ফাঁসিতে ঝুঁলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। তিনি জানান, তন্নির স্বামী আল-আমিন, আল-আমিনের মা রোকেয়া, বড় ভাই রফিকুল মিলে তার মেয়েকে হত্যা করেছে। তিনি তন্নির হত্যাকারীদের ফাঁসি চান।

গৃহবধূ তন্নির দাদি হাজেরা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আমার নাতনি তন্নিকে আনতে গিয়েছিলাম। তার শ্বশুরবাড়ির লোকজন তন্নিকে আমার সাথে আসতে দেয়নি। তারা হত্যা করবে বলেই আমার সাথে নাতনিকে পাঠায় নাই।

দাইন্যা ইউনিয়নের সংরক্ষিত আসনের (মহিলা) ইউপি সদস্য নাজমা বেগম জানান, তিনি মঙ্গলবার দিনগত রাতেই বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। তিনি সকালে ওই বাড়িতে গিয়ে মরদেহ মেঝেতে নামানো দেখতে পান। তার কাছে মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হয়েছে।

দাইন্যা ইউপি চেয়ারম্যান মো. লাভলু মিয়া জানান, গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পেয়েই তিনি পুলিশকে জানান।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছেনা।

অপর দিকে মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে মঙ্গলবার (৩ মার্চ) দিনগত রাতে মাদকাসক্ত ছেলে লাভলু (৩০) তার বৃদ্ধ বাবা নুরুল হককে পিটিয়ে ও শ্বাসরোধে খুন করেছে। খুনে সহযোগিতা করার অভিযোগে ছেলের বউ রোকেয়া আক্তারকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে মাদকাসক্ত ছেলে লাভলু টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্ত হয়। লাভলুকে কারাগার থেকে জামিনে মুক্ত করতে তার স্ত্রী রোকেয়ার ২০হাজার টাকা খরচ হয়েছে বলে দাবি করে। ওই ২০ হাজার টাকা লাভলু তার বাবাকে পরিশোধ করতে চাপ দেয়। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বচসা হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে লাভলু ও তার স্ত্রী রোকেয়া বৃদ্ধ বাবা নুরুল হককে(৬৫) পিটিয়ে ও শ্বাসরোধে খুন করে পালিয়ে যায়। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রোকেয়াকে আটক করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে মাদকাসক্ত ছেলে লাভলু কারাগার থেকে বেরিয়ে বাবার কাছে ২০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে না পারায় স্ত্রী রোকেয়ার সহযোগিতায় লাভলু তার বাবাকে পিটাতে থাকে। এক পর্যায়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই রোকেয়াকে আটক করা হয়েছে। ঘটনার মূলহোতা লাভলু পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular