নিউজ টাঙ্গাইল ডেস্ক: লকডাউন অমান্য করে সংঘবদ্ধভাবে ঘোরাফেরা করা ও দোকান খোলা রাখায় টাঙ্গাইলে ১৭ জনকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার দিকে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড ও মির্জাপুর উপজেলায় টাঙ্গাইল র্যাব-১২ এর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
টাঙ্গাইল র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি-৩) কমান্ডার মেজর আবু নাইম মোহাম্মদ তালাত জানান, অপরাধ দমনের পাশাপাশি টাঙ্গাইলে র্যাবের পক্ষ থেকে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হচ্ছে।
তিনি জানান, এরই ধারাবাহিকতায় আজ বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে র্যাবের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লকডাউন নির্দেশনা অমান্য ও সামাজিক দূরত্ব বজায় না রেখে সংঘবদ্ধভাবে থাকায় ১০ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
সন্ধ্যার পর মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় লকডাউন নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৭ ব্যবসায়ীকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
