নিজস্ব প্রতিনিধি : গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে ফুলেল শুভেচ্ছা জানিয়ে টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৭ টায় জেলা সদর এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপরে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, জেলা পরিষদের প্রধান নির্বাহী সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক প্রমুখ।
পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অপর দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাত ১২টা ১মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ চত্বরে মোমবাতি প্রজ্বলন করে দিবসের কর্মসূচি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিন। রাত ১২টা ১০মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিন।
এছাড়া (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ৪৫মিনিটে ভাইস-চ্যান্সেলর জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।