নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আদালত এক লাখ টাকা জরিমানা করেছেন। সোমবার (২ মার্চ) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু র্নিযাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আশরাফুল ইসলাম (২৭) দেলদুয়ার উপজেলার গড়াসিন গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। এছাড়া দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।
এ ব্যাপারে টাঙ্গাইলের নারী ও শিশু র্নিযাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি একেএম নাছিমুল আক্তার নাসিম টিনিউজকে বলেন, বিগত ২০১২ সালের (১৮ আগস্ট) গভীর রাতে পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য আশরাফুল তার স্ত্রী সালেহাকে (২৪) শ্বাসরোধ করে হত্যা করে। পরে হত্যার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নিহতের লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে নিহতের স্বামী প্রচার করে। এ ঘটনায় ওইদিন সকালে নিহতের পিতা আব্দুস সামাদ বাদি হয়ে নিহতের স্বামী আশরাফুল, শাশুড়ি আছিয়া বেগম এবং প্রতিবেশী চাচাতো ভাই ইয়াকুব আলীকে আসামী করে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আশরাফুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
মামলার তদন্ত কর্মকর্তা ওসমান গনি দুইজনকে অব্যহতি দিয়ে আশরাফুলকে আসামী করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরবর্তীতে নিহতের পিতা অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেয়। নারাজি দেয়ার পর আদালত ওই দুইজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে ওই দুইজনের বিরুদ্ধে কোন অভিযোগ না পাওয়ায় আদালত তাদের খালাস দেন। রায় প্রদানের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু র্নিযাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ কে এম নাছিমুল আক্তার নাসিম। আসামী পক্ষের আইনজীবী ছিলেন গোলাম মোস্তফা মিয়া।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।