নিউজ ডেস্ক: টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার বিকালে নির্বাচন কমিশন অফিস ঢাকার আগারগাঁও এ আপিলের দীর্ঘ শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার নেতৃত্বে গঠিত ৫ সদস্যের বেঞ্চ তার মনোনয়ন বৈধ ঘোষণা করে বলে জানান খান আহমেদ শুভ।
আপিল শুনানিতে আইনজীবী হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবীর কাওসার ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ।
গত ২০ ডিসেম্বর ঋণ খেলাপির দায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান আওয়ামী লীগ প্রার্থী খান আহমেদ শুভর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
এদিকে আপিলে খান আহমেদ শুভর মনোনয়ন ফিরে পাওয়ার খবরে মির্জাপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিকালে শহরে মোটরসাইকেল শোভাযাত্রাসহ আনন্দ মিছিল বের করে। অনেকে ফেসবুকে স্ট্যাটার্স দিয়ে খান আহমেদ শুভকে অভিনন্দন জানান।
উপনির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীসহ ৭ জন মনোনয়নপত্র জমা দেয়। এদিন ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় বাংলাদেশ বৈরাবরি পার্টির পীর সৈয়দ আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ও আরজু মিয়ার মনোয়নপত্র বাতিল করা হয়।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ৩০ নভেম্বর এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৬ জানুয়ারি শূন্য আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
