নিউজ টাঙ্গাইল ডেস্ক: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, খুব শিগগিরই ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত ডাবল রেললাইন করা হবে। বঙ্গবন্ধু রেলসেতুর কাজ শেষ হওয়ার আগেই এ কাজ ধরা হবে। সাধারণ মানুষের আগ্রহের কথা মাথায় রেখে খুব দ্রুত ডাবল করা হচ্ছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার টাঙ্গাইল রেল স্টেশনের প্লাটফর্মের কাজের উদ্বোধনকালে রেলমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ২০২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু রেলসেতুর কাজ শেষ হবে, আর শেষ হওয়ার সাখে সাথেই ঢাকা থেকে উত্তরবঙ্গের সকল রেললাইন ডাবল করা হবে। যাতে করে দুই লাইনে রেল চলাচল করতে পারে। সাধারণ মানুষ এখন রেলের প্রতি বেশি আগ্রহী। যাতে করে তারা রেলে বেশি যাতায়াত করে সেই দিকে নজর দেয়া হবে।
রেলমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার দেশের রেল ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। বর্তমান সরকার ধংসপ্রাপ্ত রেল ব্যবস্থাকে আধুনিকায়ন করেছে।
এ সময় স্থানীয় এমপি ছানোয়ার হোসেন, মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক ডি. এন. মজুমদার, টাঙ্গাইলের এডিসি (সার্বিক) আমিনুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল পৌর মেয়র এস. এম. সিরাজুল হক আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
