শনিবার, জুন ২৭, ২০২৬
Homeদেশের খবরডা. জাহাঙ্গীর কবিরের চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ডা. জাহাঙ্গীর কবিরের চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চিকিৎসা-পরামর্শ দিয়ে বিভিন্ন সময়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন চিকিৎসক জাহাঙ্গীর কবির। এবার তার চেম্বারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অনুমোদনহীন ঘি বিক্রি এবং বিক্রি করা ঘিয়ের বোতলের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় আলোচিত চিকিৎসক জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় লাইসেন্স ছাড়া ঘি বিক্রির অভিযোগে তাকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে চিকিৎসক জাহাঙ্গীর কবিরের চেম্বারে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস-প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল।

গত ৩ বছর ধরে প্রচলিত ধারার চিকিৎসার তুলনায় একটু আলাদা ধরনের চিকিৎসা-পরামর্শ দিয়ে আলোচিত হন জাহাঙ্গীর কবির। তার ইউটিউব চ্যানেলে যেসব ভিডিও আপলোড করা হয়েছে, সেখানে ওষুধ ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ওজন কমানো, জীবনধারা পরিবর্তন, সেক্স হরমোন বাড়ানোর উপায় ইত্যাদি পরামর্শ রয়েছে।

আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘বিএসটিআইয়ের অনুমোদনহীন ঘি বিক্রি এবং বিক্রি করা ঘিতে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ডা. জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান চালানো হয়েছে।’

তিনি বলেন, ‘জাহাঙ্গীর কবির পাবনা থেকে ঘি উৎপাদন করছেন এবং লেবেল লাগাচ্ছেন ঢাকায় বসে। এসব তথ্য কনটেইনারে লেখা ছিল না।’

 

বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় জাহাঙ্গীর কবিরকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান অধিদফতরটির প্রধান। জব্বার মণ্ডল বলেন, ডা. জাহাঙ্গীরকে কাগজপত্রসহ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোক্তা অধিকার অধিদফতরে সকাল ১০টায় ডাকা হয়েছে।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ (এফডিএসআর) ‘অবৈজ্ঞানিক, অসত্য ও সম্মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে জাহাঙ্গীর কবিরকে নোটিশ পাঠিয়েছিল।

শুধু তাই নয়, তারা এই চিকিৎসকের বিরুদ্ধে বাংলাদেশে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলেও অভিযোগ করেছিলেন।

এর আগে ফেসবুক ও ইউটিউবে বিকল্প বা ব্যতিক্রমী চিকিৎসার পরামর্শ দিয়ে মূল ধারার ডাক্তারদের রোষানলে পড়েছিলেন জাহাঙ্গীর কবির।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular