পিরোজপুরের কাউখালীতে দেবরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাবি রুবী খানম (২৬) কে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে ভাসুর ইমাম হোসেন (৪৫)। ওই হামলায় আহত গৃহবধূ রুবী খানম বর্তমানে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে রোববার বিকালে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা গ্রামে।
আহত গৃহবধূ রুবী খানমের স্বামী মো. সাইয়েদ আহম্মেদ জানান, তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আর তার স্ত্রী বসবাস করেন গ্রামের বাড়িতে। সেই সুযোগে একই বাড়ির মৃত সোলায়মান হোসেনের ছেলে চাচাতো ভাই ইমাম হোসেন তার স্ত্রীকে গত এক বছর ধরে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল।
এ বিষয়টি তার স্ত্রী রুবী খানম তাকে জানালে তিনি ইমাম হোসেনের পরিবারের কাছে অভিযোগ দেন। এতে ইমাম ক্ষিপ্ত হয়ে তাকে ও তার স্ত্রীকে হুমকি দেয়। এর পরে গত রোববার বিকালে পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র কেরে ঝগড়া লাগিয়ে রুবী খানমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ইমাম। এ সময় ইমামের সঙ্গে ছাব্বির ও মিজানুর নামে আরও দুই জন যোগ দেয়।
অভিযোগের বিষয়ে ইমাম হোসেন জানান, কুপ্রস্তাব দেয়ার বিষয়টি মিথ্যা। পারিবারিক বিষয়ে মহিলাদের মধ্যে ঝগড়া হয়েছে। তার স্ত্রী রুবী খানমকে মারধর করেছে এটা ঠিক। তার স্ত্রীকেও মারা হয়েছে। মারামারি থামাতে গিয়ে তাদের এক বোন আহত হয়ে বরিশালে চিকিৎসাধীন আছে।
কাউখালী থানার ওসি বনি আমিন জানান, রুবী খানমের একটি লিখিত অভিযোগ পেয়েছি। সে বিষয় আইনগত ব্যবস্থার গ্রহণ করা হবে।
