ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে রফিক-সঞ্জয় ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট শুধু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে রফিক-সঞ্জয় স্মৃতি পরিষদ আয়োজিত এই ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান, সম্পাদক আজিজুর রহমান আরজু, ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, আয়োজক কমিটির আহবায়ক ও সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, সদস্য সচিব মাসুদ আকন্দ, দৈনিক দেশকাল ভূঞাপুর প্রতিনিধি রফিকুল ইসলাম রবি প্রমূখসহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ ও ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড়বৃন্দ।
আহবায়ক আব্দুল লতিফ তালুকদার জানান- রফিক-সঞ্জয় স্মৃতি পরিষদের সহযোগিতায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে এই খেলার আয়োজন করা হয়েছে। এ ক্রিকেট টুর্নামেন্ট খেলাধুলায় মানুষদের মাঝে বিনোদনের অনুপ্রেরণা যোগাবে। প্রসঙ্গত, রফিক-সঞ্জয় ট্রফি টুর্নামেন্টে সোনালী অতীত লিজেন্ডস, হাই স্কুল ডিনামাইট ও সুপার স্টার প্রাথমিক শিক্ষকের তিনটি দল অংশগ্রহণ করছেন। উদ্বোধনী টুর্নামেন্ট ম্যাচে প্রথমদিনে সোনালী অতীত লিজেন্ডস বনাম সুপার স্টার প্রাথমিক শিক্ষক দল অংশগ্রহণ করেন।
