বাসাইলে ভাঙনের কবলে পাঁচ শতাধিক পরিবার

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার ২০ কিলোমিটার এলাকায় হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে পাকা সড়ক, ১০-১৫টি ভিটাবাড়ি, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা বিলীন হয়েছে ঝিনাই নদীতে। অনেকেই বাড়িঘর ভেঙে সরিয়ে নিচ্ছেন নিরাপদ স্থানে। আবার অনেকেই শেষ সম্বল বসতভিটা হারিয়ে হয়ে পড়ছে আশ্রয়হীন।

এ ছাড়া পাঁচ শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। ভাঙনের হুমকিতে রয়েছে পাকা সড়ক, খেলার মাঠ, হাটবাজার, ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা। ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এখনই ব্যবস্থা না নিলে নদীতে বিলীন হবে বসতবাড়িসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। ছিন্নমূলের তালিকায় যোগ হবে এলাকার কয়েক হাজার মানুষ।

উপজেলার নদীতীরবর্তী ফুলকি, কাশিল, কাঞ্চনপুর ও হাবলা ইউনিয়নের প্রায় ২০ কিলোমিটার এলাকার অন্তত ২০টি গ্রামে ইতোমধ্যে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলকি ইউনিয়নের দোহার, হাকিমপুর, জশিহাটি এবং একঢালা। কাশিল ইউনিয়নের দাপনাজোর, দেউলী, কামুটিয়া, নর্থখোলা, কাশিল, থুপিয়া, নাকাছিম ও বিয়ালা। কাঞ্চনপুর ইউনিয়নের কাজিরাপাড়া, বিলপাড়া, মানিকচর ও আদাজান। বিলপাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের বীর নিবাস যে কোনো মুহূর্তে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

সারা বছরই ঝিনাই নদীর বিভিন্ন পয়েন্ট বালুখেকোদের দখলে থাকে। ড্রেজার ও এক্সক্যাভেটর দিয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে সঙ্গে প্রভাবশালীদের হাত। দায়সারা দু-একটি অভিযান ছাড়া প্রশাসনের ভূমিকা সব সময় বালুখেকোদের পক্ষে থাকে। প্রতি বছর নদী থেকে ব্যাপকহারে বালু উত্তোলনের কারণে ভাঙনের তীব্রতা বাড়ছে। কাঞ্চনপুর কাজিরাপাড়া এলাকার জাহাঙ্গীর আলম বলেন, আমার ভিটাবাড়ি যেটুকু ছিল, সবই নদীতে চলে গেছে। এখন পরিবার নিয়ে বসবাস করার মতো জায়গাটুকুও নেই।

ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল বলেন, ঝিনাই নদী তীরবর্তী দোহার, হাকিমপুর, জশিহাটি পশ্চিমপাড়া ও একঢালা এলাকায় প্রায় ১০টি ভিটাবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এ ছাড়া অনেক কৃষকের আবাদি জমি নদীতে বিলীন হয়েছে। তবে দোহার পয়েন্টে ভাঙনকবলিত বাঁধ সংস্কারের কাজ চলছে।

বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, নদীভাঙন রোধে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। গত বর্ষায় কামুটিয়া পয়েন্টে ভেঙে যাওয়া ঝিনাই নদী রক্ষা বেড়িবাঁধটি ৯৭ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে। দোহার পয়েন্টে ভাঙন মোকাবিলায় তাৎক্ষণিক কাজ শুরু হয়েছে।

এদিকে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, ভাঙন রোধে বিভিন্ন পয়েন্টে কাজ অব্যাহত আছে। নতুন করে ভাঙনকবলিত পয়েন্টগুলোতেও জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর