সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরব্যালট পেপারে ষড়যন্ত্র হলে মানুষ এই কমিশনকে ক্ষমা করবে না: আযম খান

ব্যালট পেপারে ষড়যন্ত্র হলে মানুষ এই কমিশনকে ক্ষমা করবে না: আযম খান

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশন যদি কোনো বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে দেশের মানুষ এই কমিশনকে কখনো ক্ষমা করবে না—এমন মন্তব্য করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার মাচিয়া এলাকায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন, “কোন ষড়যন্ত্রে মত্ত এই নির্বাচন কমিশন! ব্যালট পেপারে ধানের শীষের প্রতীক এমন জায়গায় দেওয়া হয়েছে, যেখানে সিল দিয়ে ভাঁজ করলে ব্যালট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অথচ যে দল অতীতে উল্লেখযোগ্য কোনো আসনই পায়নি, তাদের প্রতীক রাখা হয়েছে একেবারে ওপরে।”

তিনি বলেন, “দেশের মানুষ ও সরকার যেখানে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আশা করে, সেখানে নির্বাচন কমিশন যদি এভাবে কোনো বিশেষ দলকে জিতিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়, সারা দেশ এই কমিশনের বিরুদ্ধে দাঁড়াবে। মানুষ এই কমিশনকে ক্ষমা করবে না।”

অতি দ্রুত নির্বাচন কমিশনের বোধোদয় কামনা করে তিনি বলেন, “ব্যালট পেপার সংশোধন করে এমনভাবে সাজাতে হবে, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয় এবং কোনো ভোট নষ্ট হওয়ার ঝুঁকি না থাকে।”

নিজ নির্বাচনী এলাকা প্রসঙ্গে আযম খান বলেন, “আমি নির্বাচন নিয়ে আশাবাদী। তবে এলাকায় যেভাবে টাকার ছড়াছড়ি দেখছি, তা উদ্বেগজনক। নির্বাচনী বিধিমালা অনুযায়ী ২৫ লাখ টাকার বেশি খরচ করা যাবে না। অথচ কোনো কোনো প্রার্থী এক দিনেই ২৫ লাখ টাকা ব্যয় করছে। এটি স্পষ্টভাবে বিধিমালার লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “কালোটাকার দাপট থাকলে নির্বাচন নষ্ট হবে। ভোটাররা বিভ্রান্ত হবে এবং জনগণের প্রকৃত প্রত্যাশা বাস্তবায়িত হবে না।”

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার মুহাম্মদ সবুর রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন খানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular